www.islamchoice.net
نواقض الإسلام
ইসলাম বিনষ্টকারী বিষয় সমূহ
মুসলিম ভাই! জেনে রাখবেন, কতকগুলো কাজ ইসলামকে বিনষ্ট করে দেয় । সেগুলোর মধ্যে দশটি হলো প্রধান । সেগুলো থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলিম ব্যক্তির জন্য অপরিহার্য্য কর্তব্য ।
প্রথমঃ ইবাদতের ক্ষেত্রে কাউকে আল্লাহর সাথে শরীক বা অংশীদার স্থাপন করা । যেমন- মৃত ব্যক্তিকে আহ্বান করা, তাদের কাছে বিপদ হতে উদ্ধারের জন্য আশ্রয় প্রার্থনা করা এবং তাদের নামে মানত করা ও কুরবানী করা ।
দ্বিতীয়ঃ যারা নিজেদের ও সৃষ্টিকর্তার মধ্যে মাধ্যম নির্বাচন করতঃ তাদেরকে আহ্ববান করে এবং তাদের উপর ভরসা করে, তারা সর্ব সম্মতিক্রমে কাফের হয়ে যায় ।
তৃতীয়ঃ যারা মুশরিকদেরকে কাফের মনে করে না, বা তাদের কুফরীতে সন্দেহ পোষন করে অথবা তাদের ধর্মকে সঠিক বলে বিশ্বাস করে, তারা কাফের হয়ে যায় ।
চতুর্থঃ যে ব্যক্তি তাগুতের হুকুমকে নবী (সাঃ)-এর হুকুমের অপেক্ষা শ্রেষ্টতর মনে করে । অনরূপভাবে যে ব্যক্তি এ বিশ্বাস পোষন করে যে, নবী করীম (সাঃ)-এর পথ প্রদর্শন অপেক্ষা অন্যের পথ প্রদর্শন অধিকতর সঠিক অথবা উন্নততর, সে ব্যক্তি কাফের ।
পঞ্চমঃ নবী করীম (সাঃ)- আনীত শারয়ী বিধানের কোন কিছুর প্রতি বিদ্বেষ পোষনকারী ব্যক্তি কাফের, যদিও সে উক্ত বিধানের ওপর অসন্ত্তষ্ট চিত্তে আমল করে ।
ষষ্ঠঃ শরীয়তের কোন অনুশাসন অথবা তার জন্য নির্ধারিত সাওয়াব বা শাস্তিকে যে বিদ্রুপ করবে, সে আল্লাহ পাকের বাণী অনুযায়ী কাফের হয়ে যাবে ।
সপ্তমঃ যাদু, যাদুর দ্বারা বিকর্ষন করা, যেমন- কোন মানুষকে যাদুর দ্বারা তার প্রেয়সী স্ত্রীর প্রতি বিরাগভাজন করা । যাদুর আকর্ষন যেমন- শয়তানী মন্ত্রনা দ্বারা অপছন্দনীয় কাজের প্রতি উদ্বুদ্ধ করে তোলা । সুতরাং যে ব্যক্তি এটা সম্পাদন করবে অথবা এতে সন্তুষ্ট থাকবে সে কাফের হয়ে যাবে ।
অষ্টমঃ মুসলিমদের বিরূদ্ধে মুশরিদেরকে সাহায্য করা, এ কাজ ইসলাম থেকে মানুষকে বের করে দেয় ।
নবমঃ যদি কেউ বিশ্বাস পোষন করে যে, মুহাম্মদ (সাঃ)- এর বিধান হতে বের হয়ে যাওয়া কোন কোন লোকের জন্য বৈধ, তবে সে কাফের হয়ে যাবে ।
দশমঃ আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেয়া অথবা যে সব বস্তু ছাড়া ইসলাম প্রতিষ্ঠা লাভ করা সম্ভব হয় না সে সব বস্তু সম্পর্কে অনবহিত থাকা এবং তার উপর আমল না করা ।
ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, ভয়ে হোক বা নির্ভয়ে হোক, যদি কোন ব্যক্তি উল্লেখিত বিষয়ের কোন একটিকে সম্পাদন করে তবে সে কাফের হয়ে যাবে । তবে যদি কাউকে জোরপূর্বক ভাবে উক্ত কাজ করানো হয় তাহলে সে এই হুকুমের আওতায় পড়বে না ।
সংকলনঃ মোহাম্মদ সাইফুল বারী